এভারেস্টের বেস ক্যাম্পে ফাইভজি সুবিধা

২২ এপ্রিল, ২০২০ ০৫:০৯  
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প ফাইভজি নেটওয়ার্কের আওতায় এসেছে। চায়না মোবাইল এই কাভারেজ প্রদান করেছে। খবর জিএসএম এরিনা। চলতি মাসে চায়না মোবাইল তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ২০০০ সালের ২০ এপ্রিল সরকার নিয়ন্ত্রিত অপারেটর থেকে এটি স্বাধীন হয়। বিশেষ মুহুর্তকে স্মরণীয় রাখতে অপারেটরটি তাদের প্রধান নেটওয়ার্ক হতে বেস ক্যাম্পকে সংযুক্ত করতে ১৭৭ কিলোমিটার ট্রান্সমিশন লাইন টেনেছে। এই সংযোগটি বর্তমানে তিনটি ফাইভজি বেজ স্টেশন এবং তিনটি ফোরজি বেজ স্টেশনকে সংযুক্ত রেখেছে। এছাড়া প্রায় আট টন নেটওয়ার্ক যন্ত্রাংশ প্রস্তুত রয়েছে বেস ক্যাম্পের চেয়ে অধিক উচ্চতায় থাকা ইন্টারমিডিয়েট ক্যাম্পে দুইটি ফাইভজি বেস স্টেশন তৈরির জন্য। এখানেই শেষ নয়, চায়না মোবাইল সমুদ্র পৃষ্ঠ থেকে ৬৫০০ মিটার উচ্চতায় অ্যাডভান্সড বেস ক্যাম্পেও দুইটি ফাইভজি বেস স্টেশন তৈরি করছে, যা আগামী শুক্রবার নাগাদ শেষ হবে। দিনরাত ২৪ ঘন্টা ১২ জনের একটি দল কারিগরি সহায়তা করছে। দিন কিংবা রাত যখনই ইচ্ছা বেজ ক্যাম্প থেকে এখন লাইভ ভিডিও স্ট্রিমিং করা যাচ্ছে। ডিবিটেক/বিএমটি